প্রধানমন্ত্রীর ত্রাণ সহযোগিতার টাকা ‘ক্যাশ আউট’ করে নিল ফ্লেক্সিলোড ব্যবসায়ী

আপডেট : ২৬ মে ২০২০, ০৮:১৪ পিএম

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে হুসেন আলী (৩৫) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বাড়ি জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে ত্রাণ সহযোগিতার টাকা বুঝিয়ে দেন।

জানা যায়, করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার হিসেবে সর্দারপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিনের মোবাইলে আড়াই হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়। গত রবিবার টাকাটি তার মোবাইলে আসে। পরদিন সোমবার হামিদুল স্ত্রীর মোবাইলটি নিয়ে জগদল বাজারের ফ্লেক্সিলোড ব্যবসায়ী মেসার্স স্বপন ইলেকট্রনিকসে হুসেন আলীর কাছে যান।

হুসেন আলী প্রায় ২০ মিনিট ধরে মোবাইল নাড়াচাড়ার পর হামিদুলকে জানান তার মোবাইলে টাকা আসেনি। পরে হামিদুল বাড়ি ফিরে তার স্ত্রীকে জানায় মোবাইলে টাকা আসেনি। এরপর সাবিনা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের জানায়। পরে দেখা যায় হুসেন টাকাটি ক্যাশ আউট করে নিয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা মঙ্গলবার হুসেনের দোকানে গিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ করেন। এ নিয়ে স্থানীয়দের সাথে তার তর্কবিতর্ক হয়।

খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের কাছে বিষয়টি শোনেন। এসময় জগদল বাজার বণিক সমিতির সভাপতি মানিক খান আড়াই হাজার টাকা ইউএনও মো. গোলাম রব্বানীর হাতে দেন। ইউএনও ওই টাকা সাবিনা ইয়াসমিনের হাতে তুলে দেন। পরে পুলিশ ফ্লেক্সিলোড ব্যবসায়ী হুসেন আলীকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় সাবিনা ইয়াসমিনের স্বামী হামিদুল ইসলাম তার বিরুদ্ধে পঞ্চগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত