ব্যালন ডি’অর নয়, ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নসশিপ তথা ইউরো শিরোপা জেতাতে নজর দিচ্ছেন বলে জানালেন ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপে।
মাত্র ২১ বছর বয়সী এমবাপে এরই মধ্যে বড় তারকা হয়ে উঠেছেন। পিএসজির হয়ে টানা তিনবার জিতেছেন লিগ ওয়ান শিরোপা। ছিলেন ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য।
রাশিয়ায় অনুষ্ঠিত ওই বিশ্বকাপে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারটাও নিজের করে নেন আক্রমণভাগের এই খেলোয়াড়। গত দুই বছরই জেতেন ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
পরের লক্ষ্য নিয়ে মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেন, “জাতীয় দলের হয়ে সাফল্য অব্যাহত রাখা। আগামী মৌসুমে ইউরোপিয়ান (ইউরো) চ্যাম্পিয়নসশিপ আছে। ওখানে জয়ী হওয়াটা আমাদের লক্ষ্য।”
“তাছাড়া ইউরোপিয়ান কাপ জেতাটা আমার বড় ইচ্ছা এবং পিএসজির প্রথম ইউরোপিয়ান কাপ জেতা দলের সদস্য হতে পারাটা হবে বিশেষ কিছু।”
ফুটবলে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ শিরোপা ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে আগামী দিনের সম্ভাব্য অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হয় এমবাপেকে। ২০০৮-২০১৯ সাল পর্যন্তই এই পুরস্কারে আধিপত্য লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ সালে লুকা মড্রিচ ব্যতীত প্রতিবারই তাদের দুজনের একজনের হাতে উঠেছে পুরস্কারটি।
ব্যালন ডি’অর প্রসঙ্গে এমবাপে বলেন, “এটা জিততে পারাটা দারুণ হবে। তবে এটা রাত জেগে আনন্দ করার মতো কিছু হবে না। আগামী মৌসুমে বা এর পরের মৌসুমেই আমি জিতব এমনটা মনে করি না। এটা জেতা নিয়ে আমি কোনো সময় নির্ধারণ করিনি।”
“আমি সব সময় পিএসজি এবং জাতীয় দলকে অগ্রাধিকার দেই। এরপর নিজের পারফরম্যান্সের জন্য কিছু ব্যক্তিগত সম্মান আসে, সেটা বোনাস।”
