সাধারণ ছুটির মেয়াদ বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার

আপডেট : ২৭ মে ২০২০, ০৪:২৬ পিএম

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে ঘোষিত বিশেষ সাধারণ ছুটির শেষ হচ্ছে ৩০ মে। বর্তমান পরিস্থিতিতে ছুটির মেয়াদ বাড়বে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার জানা যাবে।

বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঈদের আগের দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন-জীবিকার কথা বলেছেন। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্ত দেবেন তিনি।’

কবে নাগাদ ছুটি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছি।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়।

এরপরও পরিস্থিতির উন্নত না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।

গত ২৫ এপ্রিল একটি প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা প্রদানের সাথে জড়িত সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ অফিসগুলো বর্ধিত সাধারণ ছুটির দিনে সীমিত আকারে খোলা থাকবে।

করোনার সংক্রমণ রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি রেল, সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বন্ধ রেখেছে সরকার।

অবশ্য ঝুঁকির মধ্যেই গত ২৬ এপ্রিল কিছু পোশাক কারখানা পুনরায় চালু করা হয়।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪৪ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত