দারুণ একটা মাইলফলকের সামনে ছিলেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের ডাগআউটে ২০০ ম্যাচ পূরণের অপেক্ষায় ছিলেন ফরাসি কোচ। কিন্তু করোনাভাইরাস আটকে দিয়েছে তা।
স্পেনে সব ধরনের খেলা স্থগিত ঘোষণা হয় মার্চে। ১৪ মার্চ এইবারের বিপক্ষেই মাইলফলকটি পূরণ করার কথা ছিল জিদানের। এখন তাই লকডাউনের মাঝেই ডাবল সেঞ্চুরির প্রহর গুনতে হচ্ছে সময়ের অন্যতম সেরা কোচকে।
২০১৯ সালের ১১ মার্চ দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হয়ে ফেরেন জিদান। এ দফায় এরই মধ্যে ৫০ ম্যাচ পূরণ করে ফেলেছেন। প্রথম মেয়াদের ১৪৯ ম্যাচ যোগ করলে এখন পর্যন্ত জিদানের অধীনে ১৯৯ ম্যাচে খেলেছে রিয়াল।
জিদানের অধীনে ৯০০ দিনে এ পর্যন্ত রিয়াল জিতেছে তিন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। একটি লা লিগা, দুটি সুপার কোপা, দুটি উয়েফা সুপার কাপ এবং দুটি ওয়ার্ল্ড ক্লাব কাপ জয় করে স্প্যানিশ জায়ান্টরা। বলা যায় নিজেদের ইতিহাসে অন্যতম সেরা সময় তারা পার করেছে জিদানের অধীনে।
রিয়ালের ইতিহাসে এখন পর্যন্ত জিদান কোচ হিসেবে তৃতীয় সর্বোচ্চ ম্যাচে (১৯৯) ডাগ আউট সামলেছেন। এই তালিকায় জিদানের উপরে মাত্র দুজন। দ্বিতীয় স্থানে থাকা ভিসেন্তে দেল বস্কের (২৪৬) চেয়ে অবশ্য খুব বেশি পিছিয়ে নেই জিদান। শীর্ষে থাকা মিগুয়েল মুনোজ অবশ্য অনেক অনেক এগিয়ে। ৬০৫ ম্যাচে রিয়ালের ডাগ আউট সামলেছেন তিনি।
জিদানের অধীনে ১৯৯ ম্যাচে রিয়াল জয় পেয়েছে ১৩৩ ম্যাচে। ৪০ ম্যাচ ড্র হয়, হেরেছে মাত্র ২৬ ম্যাচ।
