ইন্দুমতি কাথিরেশন। ভারতীয় নারী ফুটবল দলের মাঝ মাঠের নির্ভরযোগ্য খেলোয়াড়। নীল-সাদা জার্সি গায়ে ৬ বছর ধরে সামলাচ্ছেন ভারতীয় দলের মাঝ মাঠ। মাঠে প্রাণপণ লড়াই করে দেশের মুখ উজ্জ্বল করাই ইন্দুমতির জীবনের লক্ষ্য।
তবে পুরো বিশ্ব যখন করোনাভাইরাসে আক্রান্ত, সংকটে দেশ, তখন অন্য ভূমিকায় দেশের সেবায় নেমে পড়লেন ইন্দুমতি।
করোনার কারণে মাঠে খেলাধুলা বন্ধ। ভারতজুড়ে চলছে লকডাউন। তাই এই সময়ে নীল-সাদা জার্সি খুলে রেখে চাপিয়েছেন খাকি পোশাক। খেলার মাঠের পরিবর্তে রাস্তায় নেমে ইমার্জেন্সি ডিউটি করছেন মাঠের এই শিল্পী।
তামিলনাড়ু পুলিশের সাব ইন্সপেক্টর ইন্দুমতি। তিনি চেন্নাইয়ের আন্নানগর এলাকায় ডিউটি করছেন । খেলার মাঠে বিপক্ষ দলের আক্রমণভাগকে যেমন শক্ত হাতে মোকাবিলা করেন, ঠিক তেমনই রাস্তায় দাঁড়িয়ে মানুষ ঠিকমতো লকডাউন মানছেন কিনা, তা তদারকি করছেন ইন্দুমতি।
করোনার এই সংকটময় সময়ে দেশের সেবায় নিয়োজিত থাকতে পেরে গর্বিত ইন্দুমতি, ‘দুটো ভূমিকায় আমি দেশের হয়ে লড়াই করছি। আমার মনে হয়েছে এই কঠিন পরিস্থিতিতে আমার সমাজের পাশে, দেশের পাশে দাঁড়ানো উচিত। নীল সাদা জার্সিতে মাঠে আর খাকি পোশাকে রাস্তায় নেমে দেশকে সেবা করতে পেরে আমি গর্বিত।’
২০১৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় ইন্দুমতি কাথিরেশনের। এখন পর্যন্ত দেশের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১২টি।
