নিজের জীবন নিয়ে সিনেমা তৈরি হলে নায়ক হিসেবে কাকে দেখতে চান মাশরাফী বিন মোর্ত্তজা? এমন এক প্রশ্নের উত্তর দিলেন নড়াইল এক্সপ্রেস। বাংলাদেশের সাবেক অধিনায়কের এ ক্ষেত্রে পছন্দ ঢাকাই ছবির সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।
বুধবার ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এ লাইভ আড্ডায় যুক্ত ছিলেন মাশরাফী। সেখানে সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদ স্লগ ওভার পর্বে মাশরাফীর কাছে ২৫টি প্রশ্ন রাখেন।
যার একটি প্রশ্ন ছিল এমন- ‘আপনার জীবন নিয়ে সিনেমা তৈরি হলে সেখানে নায়ক হিসেবে কাকে রাখবেন? হলিউড, ঢালিউড, বলিউড… যে কোনোটা থেকেই হতে পারে।’
মাশরাফী উত্তরে বলেন, ‘আমার বাংলাদেশে আরিফিন শুভকে ভালো লাগে। সে খুব স্মার্ট। হয়তো বা তাকে নেব।’
