জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক ফুটবলার গোলাম রব্বানী হেলাল। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বৃহস্পতিবার সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১২টা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
হেলালের ভাইয়ের ছেলে কাইফ সংবাদ মাধ্যমকে বলেন, ‘ডাক্তাররা বলেছেন এত রক্তক্ষরণ হয়েছে যে অস্ত্রোপচার করা সম্ভব নয়। তারা এও বলেছেন, চাচার ফিরে আসার সম্ভাবনা কম। বিদেশে বা অন্য কোনো হাসপাতালে নেওয়ারও সুযোগ নেই। তাই এখন প্রার্থনা করা ছাড়া উপায় নেই।’
৬৩ বছর বয়সী হেলাল বেশ কিছু দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছু দিন আগে ব্যাংককে চিকিৎসা নিয়েছিলেন। সেই থেকে ডায়ালাইসিসও চলছিল তার।
হেলাল ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন। ‘আবাহনীর হেলাল’ বলেই ভক্তদের মাঝে বেশি পরিচিতি তার। আকাশি-নীল জার্সিতে ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত খেলেছেন। মাঝে অবশ্য মাত্র আড়াই মাসের জন্য খেলেন বিজেএমসিতে।
১৯৮২ সালে আবাহনী-মোহামেডান ম্যাচে গোলমালের সূত্র ধরে আবাহনীর যে চার ফুটবলারকে জেলে নেওয়া হয়, হেলাল ছিলেন তাদেরই একজন।
ফুটবলকে বিদায় বলার পর আবাহনীর পরিচালকের দায়িত্ব পালনসহ নানা ভূমিকায় ছিলেন। ৫ বছর ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটিতে।
