করোনায় কারাতে রেফারি জুয়েলের মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২০, ১২:৪৭ এএম

ঈদের ছুটিতে করোনাভাইরাসের ভয়াল থাবা পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। আন্তর্জাতিক কারাতে রেফারি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য হুমায়ুন কবীর জুয়েল মরণঘাতী ভাইরাসের উপসর্গ নিয়ে ২৫ মে সকালে মারা গেছেন। এছাড়া কভিড-১৯-এ আক্রান্ত হয়ে ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ অলিম্পক অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সদস্য কর্নেল (অব.) ওবায়েদউল্লাহ।

নিউমোনিয়া নিয়ে রাজধানীর একটি হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন ৫২ বছরের জুয়েল। সে সময় তার কভিড-১৯ টেস্ট করানো হয় এবং তা নেগেটিভ আসে। পরবর্তীতে শারীরিক অবস্থা খারাপ হলে ঈদের দিন আইসিইউতে স্থানান্তর করা হয়। পরদিন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কারাতেকাদের কাছে দারুণ জনপ্রিয় জুয়েলের মৃত্যুতে দারুণভাবে ভেঙে পড়েছেন ২০১০ এসএ গেমসে সোনাজয়ী কারাতেকা হাসান খান সান, ‘কারাতেকাতে যে দেশ এত ভালো করছে, তার পেছনে বড় অবদান ছিল জুয়েল সেনসির (স্যার)। তার মৃত্যুতে দেশের কারাতে অঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। আমার তো মনে হয় দেশের কারাতে ১০ বছর পিছিয়ে গেল।’

দেশের অন্যতম পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন ২৩ মে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যবসায়িক অংশীদার ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী। এদিকে বর্ষীয়ান সংগঠক ওবায়েদউল্লাহ চিকিৎসাধীন আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত