এসএমই ঋণ অব্যাহত রাখতে জনতা ব্যাংক চেয়ারম্যানের নির্দেশ

আপডেট : ২৯ মে ২০২০, ০১:২২ এএম

জনতা ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ ব্যাংকটির শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অংশ নেন। গত বুধবার অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের সিইও-এমডি মো. আবদুছ ছালাম আজাদ, ডিএমডি মো. ইসমাইল হোসেন, মো. জিকরুল হক ও মো. আবদুল জব্বার এবং সিএফও এ কে এম শরীয়ত উল্ল্যাহ, সব বিভাগীয় প্রধান, এরিয়া প্রধান ও শাখার ব্যবস্থাপক যুক্ত হন। সভার শুরুতে সিইও-এমডি মো. আবদুছ ছালাম আজাদ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

দেশ পরিচালনায় প্রধান আর্থিক চালিকাশক্তি ব্যাংক জানিয়ে পর্ষদ চেয়ারম্যান করোনা পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা-ব্যবসায়ীদের বাঁচাতে এসএমই খাতে ঋণপ্রবাহ অব্যাহত রাখতে শাখা ব্যবস্থাপকদের নির্দেশ  দেন। এসব প্রতিষ্ঠানের সঙ্গে অনেক পরিবারের জীবিকা জড়িত। সরকারের বিভিন্ন প্রণোদনা প্যাকেজের যথাযথ বাস্তবায়নেও তিনি গুরুত্ব দেন।

আমানত বাড়াতে শাখা ব্যবস্থাপকদের চেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্রধানমন্ত্রী প্রদত্ত ৩১ দফা ও স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত স্বাস্থ্যবিধির গাইডলাইন মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি। এছাড়া এই দুর্যোগের মধ্যে ব্যাংকিং সেবা  দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত