বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে অনির্দিষ্টকালের জন্য মানুষের আয়-রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবন-জীবিকার স্বার্থেই অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে হবে। টিকা না আসা পর্যন্ত করোনাভাইরাসকে সঙ্গী করেই বাঁচতে হবে।
ঈদুল ফিতর উপলক্ষে গত রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাসে বলা হচ্ছে করোনাভাইরাসের এ মহামারী সহসা দূর হবে না। কিন্তু জীবন তো থেমে থাকবে না। তাই অনির্দিষ্টকালের জন্য মানুষের আয়-রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে তো নয়ই।
তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশই ইতিমধ্যে লকডাউন শিথিল করতে বাধ্য হয়েছে। যতদিন না কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হচ্ছে ততদিন করোনাভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন-জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড।
প্রধানমন্ত্রী তার ভাষণে সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছেন।
এ সময় তিনি আম্পানের প্রসঙ্গ টেনে বলেন, কথায় আছে ‘বিপদ কখনও একা আসে না’। করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে গত বুধবার রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগাম বিভাগসহ উপকূলীয় জেলাগুলোতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘আম্পান’ আঘাত হানে। আল্লাহর অশেষ রহমত এবং আমাদের আগাম প্রস্তুতির কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ভাষণে প্রধানমন্ত্রী ডাক্তার, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সশস্ত্রবাহিনীর সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের কর্মকর্তাসহ যারা জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণসামগ্রী বিতরণসহ সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন তাদের বিশেষ ধন্যবাদ জানান।
তিনি বলেন, সংবাদকর্মীরা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে করোনা পরিস্থিতি তুলে ধরছেন এবং মানুষকে সচেতন করতে সহায়তা করছেন। তাদেরও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।
বেশ কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং ব্যাংক ও সংবাদকর্মী ইতিমধ্যে মারা গেছেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানো, কর্মহীন মানুষদের সহায়তা এবং অর্থনৈতিক প্রণোদনার জন্য তার সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, যতদিন না এ সংকট কাটবে ততদিন তিনি এবং তার সরকার জনগণের পাশে থাকবে। বাসস।
