দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আগের দিনই বিষয়টি নিশ্চিত করেছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, আপাতত স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত। তবে আগের নিয়মে অনলাইনে পাঠদান চলবে। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, নিষেধাজ্ঞাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। তবে অনলাইন কোর্স/ডিসট্যান্স লার্নিং অব্যাহত থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ১৮ মার্চ থেকেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এরপর থেকে এখনো তা বন্ধ রয়েছে। এর মধ্যে আগামী ৩১ মে থেকে সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠান থাকছে এই সিদ্ধান্তের বাইরে।
