দেশের পাঁচ জেলায় শিশু, কিশোরী, যুবতীসহ পাঁচজন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহিম প্রামাণিক (৫৮) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজবাড়ীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গাজীপুরে কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোক্তার আলী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাটে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কথিত এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :
নারায়ণগঞ্জ : ফতুল্লায় মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার রাতে আব্দুর রহিম প্রামাণিক (৫৮) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুর রহিম কাশিপুর হাজিপাড়া শাহজাহান হাজীর বাড়ির ভাড়াটে ও শফিউদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০টার দিকে মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে চিকিৎসার নামে ধর্ষণ করে কবিরাজ আব্দুর রহিম। এ ঘটনায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে ভুক্তভোগীর স্বজনরা। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
রাজবাড়ী : বালিয়াকান্দিতে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। কালুখালীর মৃগী এলাকা থেকে পাশের ঘোড়ামারা এলাকায় নানাবাড়ি যাচ্ছিল ওই স্কুলছাত্রী। পথে তিন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক ভ্যানে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন জানান, এ ঘটনায় ওই রাতেই ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গাজীপুর : শ্রীপুরে এক কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর স্বজনদের ভাষ্য, উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার কেওয়া পশ্চিমখ- গ্রামের ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবারের সদস্যরা জানান, ১১ মে ওই কিশোরীকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে ঘটনাস্থলে থাকা অন্য এক কিশোর। মঙ্গলবার রাতে ভিডিওটি ফেইসবুকে ছড়ানোর পর বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর বাবা বাদী হয়ে দুই কিশোরকে আসামি করে মামলা করেন। এতে ওই রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। অপরজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
লালমনিরহাট : পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে মোক্তার আলী (৫২) নামে প্রতিবেশী দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির স্বজনরা জানান, উপজেলার টেপুরগারী এলাকার ওই ঘটনায় গত মঙ্গলবার মামলা দায়েরের পর রাতেই মোক্তার আলীকে গ্রেপ্তার করা হয়। শিশুটির পরিবারের সদস্যরা জানান, গত ফেব্রুয়ারি মাস থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে আসছে মোক্তার আলী। একপর্যায়ে শিশুাটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে শিশুটি তিন মাসের অন্তঃসত্ত্বা। তা ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে মোক্তার। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাট : মোংলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদুর রহমান টুটুল নামে কথিত এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গত মঙ্গলবার রাতে স্থানীয় মামারঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, বিভিন্ন দপ্তরে টুটুল নিজেকে একাত্তর টিভির মোংলা প্রতিনিধির পরিচয় দিয়ে আসছে। তবে কর্র্তৃপক্ষের ভাষ্য, তাকে প্রাথমিকভাবে কাজ করার অনুমতি দেওয়া হলেও ধর্ষণের ঘটনার দায়ভার তারা নেবে না। মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলা সরকারি কলেজপড়–য়া সংখ্যালঘু ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১০ ফেব্রুয়ারি মোংলা পৌর শহরের পাওয়ার হাউজ রোডের ব্যক্তিগত অফিসে নিয়ে আসে একাত্তর টিভির সাংবাদিক পরিচয়দানকারী মাসুদুর রহমান টুটুল। এরপর কৌশলে তাকে ধর্ষণ করে মোবাইলে তার ভিডিও ধারণ করে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে একটি মামলা করেন ভুক্তভোগীর স্বজনরা।
