‘অন ফায়ার’ নামে আত্মজীবনী প্রকাশের আগেই আগুন জ্বালিয়ে দিয়েছেন বেন স্টোকস। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বিরাট কোহলিকে খুঁচিয়েছেন। আবার সেই ম্যাচে ভারতের ব্যাটিং দেখে বলেছেন, ভারতের জেতার ইচ্ছে ছিল মনে হয়নি। এ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর আবার বলছেন, কোথাও বলেননি যে ভারত ইচ্ছে করে হেরেছে।
এজবাস্টনে বিশ্বকাপের গ্রুপ ম্যাচ নিয়েই যত ঘটনা। সে ম্যাচে মাঠের একদিকের সীমানা ৫৯ মিটার বলে ম্যাচ শেষে ক্ষোভ জানিয়েছিলেন বিরাট কোহলি। এটা স্টোকসের কাছে হাস্যকর মনে হয়েছে। আর ৩৩৭ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমেও ভারতের ব্যাটিং প্রশ্নবিদ্ধ মনে হয়েছে সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের কাছে। ইনিংসের শুরুতে রোহিত শর্মা ও বিরাট কোহলি এবং শেষে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন স্টোকস আত্মজীবনীতে, ‘১১ ওভারে যখন ১১২ রান দরকার, তখন ব্যাট করতে নামা ধোনির ব্যাটিং খুবই অদ্ভুত ছিল। ছক্কা না মেরে সিঙ্গেল নেওয়ার দিকেই ঝোঁক ছিল তার। যখন ১২ বল বাকি ছিল, তখনো জেতার অবস্থায় ছিল ভারত।’
সেদিন ৩১ বলে ৪২ রান করা ধোনির ব্যাটিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ভারত সে ম্যাচ ৩১ রানে হেরে যায়। ৭৬ বলে ৬৬ কোহলি ও ১০৯ বলে ১০২ করা রোহিতের ইনিংসেরও কড়া সমালোচনা করেছেন স্টোকস, ‘রোহিত শর্মা ও বিরাট কোহলি যেভাবে ব্যাট করছিল, রহস্যজনক। আমি জানি আমরা দারুণ বল করেছি ওই সময়টায়। তবু ওরা যেভাবে ব্যাটিং করছিল সেটা ছিল অদ্ভুত। ওরা দলকে পিছিয়ে পড়তে দিয়েছে। আমাদের চাপে ফেলার কোনো আগ্রহই দেখায়নি। শুধু টিকে থেকে ইনিংস গড়েছে, এতে ম্যাচ আমাদের হাতে চলে এসেছে।’ প্রকাশিতব্য বইয়ে স্লগ ওভারে ভারতের ব্যাটিং সম্পর্কেও লিখেছেন, ‘ধোনি কিংবা তার সঙ্গী কেদার যাদবের মধ্যে কোনো চেষ্টাই দেখিনি। আমার মনে হয়, জয়ের যদি এক ফোঁটা সম্ভাবনাও থাকে, সব সময় মারার চেষ্টা করা উচিত।’
ভারতের ব্যাটিং অদ্ভুত মনে হওয়া এবং ‘জেতার আগ্রহ’ না থাকাকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো ধরে নিয়েছে ‘ইচ্ছে করে হারা’র সমতুল্য। এবং তারা সেটাই শিরোনাম করেছে। লিখেছে, বিশ্বকাপে ভারত ইচ্ছে করে হেরেছে বলে মনে হয়েছে স্টোকসের। এ নিয়ে কদিন আগে পাকিস্তানের সাবেক পেসার ও কমেন্টেটর সিকান্দার বখত বলেছেন, পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় করার জন্য ইংল্যান্ডের কাছে ভারত ইচ্ছা করে হেরেছে বলে বেন স্টোকসও তার বইয়ে লিখেছেন। এই টুইটার আরেক বিতর্কের জন্ম দিয়েছে। এক ক্রিকেট সমর্থক রিটুইটে প্রশ্ন করেছেন, ‘বেন স্টোকস কোথায় বলেছেন ইংল্যান্ডের কাছে ইচ্ছে করে হেরেছে ভারত? আমাকে কেউ দেখাতে পারবেন?’
এ টুইটের উত্তরে বেন স্টোকস বলেছেন, ‘কোথাও পাবেন না কারণ আমি এটা কখনো বলিনি। এটাকে বলে ‘অর্থ বদলে দেওয়া’ বা ‘ক্লিকবেইট’।’
