জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া ওয়ানডে আগস্টে

আপডেট : ৩০ মে ২০২০, ০১:৩৫ এএম

করোনাভাইরাসের কারণে লকডাউন শেষে মাঠে ফেরার দিন-তারিখ ঠিক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন ঘরোয়া মৌসুম স্মিথ-ওয়ার্নাররা শুরু করতে যাচ্ছেন নির্ধারিত সময়েই। আগস্টে মৌসুম শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। অক্টোবরে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরপরই ভারতের সঙ্গে লম্বা লড়াই অজিদের। তাতে পূর্বনির্ধারিত টি-টোয়েন্টি ও টেস্টের সঙ্গে যুক্ত হয়েছে তিন ওয়ানডেও।

গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন মৌসুম সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন মৌসুমে নতুন ভেন্যু দিয়ে ক্রিকেট শুরু করবে অজিরা। উত্তর কুইন্সল্যান্ডের টাউনসভিল স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের শেষটি হবে এই মাঠে। প্রথম দুই ম্যাচের ভেন্যু উল্লেখ না হলেও ডারউইনকেই ধরা হচ্ছে সম্ভাব্য ভেন্যু হিসেবে। তিন ম্যাচ হবে আগস্টের ৯, ১২ ও ১৫ তারিখ।  

অক্টোবরের ৪, ৬ ও ৯ তারিখ উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। এরপর ১১, ১৪ ও ১৭ তারিখ ভারতের সঙ্গে তিন টি-টোয়েন্টির সিরিজ। আগেই ঘোষিত হয়েছিল নভেম্বরের শেষদিকে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের সিরিজ ও ডিসেম্বর থেকে ভারতের সঙ্গে চার টেস্টের সিরিজ। নতুন হিসেবে জানুয়ারি ১২, ১৫ ও ১৭ তারিখ বিরাট কোহলিদের সঙ্গে তিন ওয়ানডে সিরিজের সূচিও ঘোষণা করেছে সিএ। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত