জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ৩০ মে ২০২০, ০৬:১৭ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু সদস্যের হাতে তিনি নিহত হন। এরপর থেকে বিএনপি ও সমমনা দল এবং এর অঙ্গসংগঠনগুলো দিনটিকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। আজ ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর বেলা ১১টায় শারীরিক দূরত্ব বজায় রেখে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। দুপুর ১টায় মোহাম্মদপুর ১নং আসাদগেটে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবন সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য বিতরণ করা হবে। এ সময় উপস্থিত থাকবেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সাংবাদিক কাদের গণি চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, কৃষিবিদ ড. আবদুল করিম, প্রকৌশলী মাহবুব আলম, আহমেদ শফিকুল হায়দার পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিকাল ৩টা ৩০ মিনিটে ভার্চুয়াল আলোচনা সভা হবে। বিএনপি কমিউনিকেশনের ফেইসবুক পেজ থেকে এ সভা সরাসরি সম্প্রচার করা হবে। ৩০ মে সারা দেশে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনমিত করবে। এছাড়া ১ জুন বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কৃষকদের বর্তমান সার্বিক পরিস্থিতির ওপর কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে নিয়ে সংবাদ সম্মেলন করবেন মহাসচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত