কাঁঠালবাড়ী ও দৌলতদিয়ায় মানুষের ঢল

পদ্মায় পানি বাড়ায় ও ঘাটে ভাঙনে পারাপার ব্যাহত

আপডেট : ৩০ মে ২০২০, ০৬:২২ এএম

ঈদ শেষে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই মানুষ ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছে। এদিকে পদ্মায় পানি বাড়ায় পাটুরিয়া ঘাটে ভাঙন শুরু হয়েছে। বিকল্প ঘাট দিয়ে ফেরিতে যাত্রী ও যান ওঠানামা করতে হচ্ছে। পানি বাড়ায় কাঁঠালবাড়ী ঘাটেও পারাপার ব্যাহত হচ্ছে। এসব কারণে ফেরি পারাপারে বেশি সময় লাগছে।

আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গত কয়েক দিনের ঝড়-বৃষ্টিতে পানি বাড়ায় পদ্মার পাটুরিয়া ঘাটপাড়ে ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় পাটুরিয়া ৩ নম্বর ঘাট বন্ধ করে তা মেরামত করা হচ্ছে। বিকল্প ঘাট দিয়ে যান পারাপার করা হচ্ছে। তবে বিকল্প ঘাট দিয়ে ফেরিতে ওঠানামাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাটুরিয়া ফেরিঘাটের ৩, ৪ ও ৫নং পন্টুন প্রতিদিনই নদীর পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে ভিজেই ফেরিতে উঠতে হচ্ছে গাড়িগুলোকে। প্রতিদিনই এসব পন্টুন উঁচু করতে হচ্ছে। এতে বাড়তি সময় নষ্ট হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, পদ্মায় পানি বেড়ে যাওয়ায় ফেরিতে যানবাহন ওঠানামায় কিছুটা বেশি সময় লাগছে। তিনি বলেন, এই নৌপথে মোট ১৬টি ফেরি থাকলেও চাপ অনুযায়ী পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজামউদ্দিন পাঠান বলেন, কয়েক দিনের বৃষ্টিতে পাটুরিয়া ঘাটে পদ্মায় ৪ ফুট পানি বেড়েছে। এতে ঘাট এলাকায় নদীপাড় ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে প্রতিরোধ করছি। ইতিমধ্যে ভাঙনকবলিত প্রতিটি ঘাটই আমরা মেরামত করেছি। প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া আছে।

মানিকগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা বলেন, ফেরিঘাটে বিলম্ব হলেও সড়কে কোনো যানজট নেই।

আমাদের গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে হাজারো মানুষের ঢল নামে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ গণপরিবহন বন্ধ থাকায় বেশি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে মাহেন্দ্র, অটোরিকশা, ভ্যান ও ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে দৌলতদিয়া ঘাটে আসে। তারা ফেরিগুলোতে গাদাগাদি করে নদী পার হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ রনি বলেন, আগের দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাতটি ফেরি চলাচল করলেও গতকাল সকাল থেকে যাত্রী ও গাড়ির চাপে নয়টি ফেরি চলাচল করে। বিকেলে যাত্রীর সঙ্গে পণ্যবাহী গাড়ি যুক্ত হওয়ায় ফেরি আরও বাড়ে।

আমাদের মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বিভিন্ন যানে ভেঙে ভেঙে কাঁঠালবাড়ী ঘাটে আসে হাজারো মানুষ। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীর উপচেপড়া ভিড় ছিল। সাধারণ যাত্রীর পাশাপাশি ব্যক্তিগত গাড়ি পারাপার হয় ফেরিগুলোতে। এদিকে পদ্মায় পানি বাড়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই নৌপথে ১৭টির মধ্যে ১২টি ফেরি দিয়ে গতকাল পারাপার চলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত