সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ অতিরিক্ত বিচারপতি স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল শুক্রবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে নিয়োগের এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
নিয়োগ পাওয়া বিচারকরা হলেন, বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, বিচারপতি এ এস এম আব্দুল মোবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহিউদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম। এই ১৮ জন অস্থায়ীভাবে বিচারকের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৮ সালের ৩০ মে তাদের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।
মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ বিচারপতিদের শপথ গ্রহণের পর থেকে কার্যকর হবে।
