সারা দেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১০ কর্মদিবসে জামিন পেয়েছে ২০ হাজার ৯৩৮ জন। এ সময়ে ৩৩ হাজার ২৮৭টি জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান এসব তথ্য জানান। ভার্চুয়াল আদালত অধ্যাদেশ জারির পর গত ১১ মে প্রথম কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে এক আসামির জামিন আবেদন মঞ্জুর হয়।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্ধারিত সাধারণ ছুটির মধ্যে আইনজীবী, সাক্ষী ও আসামিদের শারীরিক উপস্থিতি ব্যতিরেকে দেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় গত ১১ মে। এর আগে ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্র্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’-এর খসড়া অনুমোদন পায়। এরপর ৯ মে এ সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়।
