ঋতুপর্ণ ঘোষের সপ্তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রিয় বন্ধুর জন্য লিখলেনও কয়েক লাইন।
সোশ্যাল মিডিয়ায় ঋতুর ‘দোসর’ সিনেমার নায়ক লেখেন, “আজ ৭ বছর হয়ে গেল, তুই আমাদের ছেড়ে চলে গেছিস। আজও প্রত্যেক মুহূর্তে মনে পড়ে তোকে। কত স্মৃতি, কত না বলা অভিমান, কত অসম্পূর্ণ কাজ। তোর হাত ধরেই তো মানুষ আমায় নতুন করে চিনল। তুই তো আমার অনিয়মের ঋতু, নিয়মের ঋতু… যেখানে থাকিস, ভালো থাকিস বন্ধু।”
অবশ্য ঋতুপর্ণকে প্রায়ই স্মরণ করেন কলকাতার এই নায়ক। গত ১৯ এপ্রিলও বলেছিলেন, “তোকে মনে করতে যে আমার কোনো বিশেষ দিন প্রয়োজন পড়ে না সেটা তুই জানিস। তবে এই স্তব্ধ সময়টায় তোর কথা একটু বেশিই মনে পড়ছে। আসলে তুই বরাবরের ম্যাজিশিয়ান ঋতু। ম্যাজিকটা থামাস না।”
উনিশে এপ্রিল, সব চরিত্র কাল্পনিক, চোখের বালি, দোসর, উৎসব, খেলার মতো একাধিক ছবিতে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় অভিনয় করেছেন প্রসেনজিৎ ।
এ দিকে ঋতুপর্ণের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তার প্রিয় ‘পুপে’ ওরফে মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ঋতুপর্ণা বললেন, “মন ভার হয়ে আসা একটা দিন, আজ আবার ৩০ মে। ঋতু দার চলে যাওয়া আমাদের ছেড়ে শত আলোকবর্ষ দূরে তারাদের দেশে। তোমার অসম্পূর্ণতা চিরজীবন অনুভব করবো, তুমি ভালো থেকো যেখানেই থেকো।”
