সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল শনিবার বেলা ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ বিচারককে শপথ পাঠ করান। সুপ্রিম কোর্টের ইতিহাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতিদের শপথ অনুষ্ঠানের আয়োজন এটিই প্রথম। শপথ নেওয়া বিচারকরা হলেন, বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, বিচারপতি এ এস এম আব্দুল মোবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহিউদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ মো. সাইফুর রহমান জানান, প্রধান বিচারপতি ‘ভার্চুয়াল পদ্ধতি’তে বেলা ৩টায় ১৮ জন বিচারপতিকে শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অপর বিচারপতিরা ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। গত শুক্রবার (২৯ মে) ১৮ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা। মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ বিচারপতিদের শপথগ্রহণের পর থেকে কার্যকর হবে। প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ মে ১৮ বিচারককে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। এদিকে বিচারকদের শপথ অনুষ্ঠানের কারণে গতকাল নির্ধারিত সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্ত বাতিল করেন প্রধান বিচারপতি। গত শুক্রবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এ সংক্রান্ত নির্দেশিকার কথা জানান।
