কৃষ্ণাঙ্গ হত্যাকারী পুলিশের সঙ্গে বিচ্ছেদ চান স্ত্রী

আপডেট : ৩১ মে ২০২০, ০৩:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে হত্যার ঘটনায় উত্তাল পুরো দেশ। হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা দারেক চাউভিনের শাস্তির দাবিতে স্লোগান দেওয়া হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্যে। এরই মধ্যে দারেকের সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন স্ত্রী ক্যালি চাউভিন।

মিস মিনেসোটাখ্যাত এই নারীর আইনজীবী জানিয়েছেন, ক্যালি আদালতে যাবেন গ্রেপ্তার হওয়া দারেকের সঙ্গে বিচ্ছেদ চাইতে।

এক বিবৃতিতে ক্যালি চাউভিনের আইনজীবী জানান, কৃষ্ণাঙ্গ হত্যায় অভিযুক্ত হওয়ার কারণে দারেক চাউভিনের স্ত্রী তাকে ডিভোর্স দিচ্ছেন। এ ছাড়া ক্যালি চাউভিন নিহত জর্জ ফ্লয়েডের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলেও জানান তার আইনজীবী।

পাশাপাশি এ ঘটনায় ক্যালি চাউভিন তার আগের ঘরের সন্তান, বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। ২০১৮ সালে ক্যালি চাউভিনের বিয়ে হয় সাবেক পুলিশ কর্মকর্তা দারেক চাউভিনের সঙ্গে। তবে ১০ বছরের দাম্পত্যজীবনে তাদের কোনো সন্তান হয়নি।

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার প্রতিবাদে দেশটির বিভিন্ন রাজ্য এখন উত্তাল। ওই কৃষ্ণাঙ্গকে পুলিশ যে অত্যাচার করেছে তা পথচারীরা মোবাইল ফোনে রেকর্ড করেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভকারীরা ফ্লয়েডের নামে স্লোগান দিচ্ছে এবং বলছে, ‘আমি শ্বাস নিতে পারছি না’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত