দেশে করোনাভাইরাসের সংক্রমণ শূন্যের কোটায় না নামা পর্যন্ত রাজপথে কোনো কর্মসূচিতে যাবে না বিএনপি। সারা দেশে দলের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তার স্বার্থে আপাতত পুনর্গঠন কার্যক্রমও স্থগিত রাখবে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়ে বলেন, এই মুহূর্তে জনগণের জীবন রক্ষাই বিএনপির অগ্রাধিকার, বিএনপির রাজনীতি।
এ সময় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার লকডাউন তুলে নিলেও নিরাপদে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ও ঘরে থাকুন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি বলে জনগণের চিন্তা করছে না। তিনি বলেন, সরকার সবকিছু খুলে দিয়ে সমগ্র জাতিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। তবে বিএনপি জনগণকে সচেতন করতে কাজ করে যাবে। এই মুহূর্তে জনগণের জীবন রক্ষাই বিএনপির অগ্রাধিকার, বিএনপির রাজনীতি।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে দল পুনর্গঠন কার্যক্রম ২৫ জুন পর্যন্ত স্থগিত করেছেন। ২৫ জুনের পর স্থায়ী কমিটির সদস্যরা সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, গত ৮ মার্চ যখন দেশে করোনা রোগী শনাক্ত হয়েছিল তখন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন।
গত ২২ মে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের জন্য সারা দেশে সকল পর্যায়ের কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিএনপি। এর আগে গত ২২ মার্চ গণমাধ্যমে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মে বিএনপির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী বিএনপির সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ২০ এপ্রিল আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম গত ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত স্থগিত করেছিল। কিন্তু করোনা মহামারী ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।
‘লকডাউন’ তুলে নেওয়ার পর বিএনপির পুনর্গঠন কার্যক্রম স্থগিত থাকার বিষয়টি বিবেচনা করা হবে কি না জানতে চাইলে রিজভী গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘দল এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। নিলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।’
