দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ছাড়া মাগুরার মহম্মদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্র, খুলনার রূপসায় ট্রাকচাপায় এক ব্র্যাক কর্মকর্তা ও নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
কক্সবাজার : উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় আমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে কোটবাজারের পাশে তচ্চাখালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আমেনা উপজেলার দক্ষিণ ক্লাসপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকাল পৌনে ৭টার দিকে তচ্চাখালী ব্রিজ পার হওয়ার সময় একটি মাইক্রোবাস আমেনাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মাগুরা : মহম্মদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফয়সাল (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে মধুমতী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর পশ্চিমপাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল উপজেলার গোপালপুর গ্রামের রাজা খন্দকারের ছেলে ও স্থানীয় একটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। মহম্মদপুর থানার ওসি তারক বিশ^াস জানান, শুক্রবার রাতে দুই বন্ধুসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সুমন। এ সময় সড়কে থাকা বালুতে সিøপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে গেলে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন চিকিৎসাধীন।
খুলনা : রূপসায় ট্রাকচাপায় রবিউল ইসলাম (৪০) নামে এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা সেতু সড়কের জাবুসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল সাতক্ষীরার আশাশুনি এলাকার বাসিন্দা ও ব্র্যাকের শরীয়তপুর শাখায় কর্মরত ছিলেন। কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে যান চলাচল বন্ধ থাকায় ভ্যানে করে ভেঙে ভেঙে সাতক্ষীরা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন রবিউল। পথে খুলনার রূপসা সেতু সড়কের জাবুসা মোড় এলাকায় একটি ট্রাক তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিলে সড়কে পড়ে যান তিনি। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনায় দায়ী ট্রাকটি জব্দ করা হয়েছে।
নওগাঁ : মহাদেবপুরে ট্রাকচাপায় মো. মজনু (৩৫) ও মো. ভুট্টু (৪৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মজনু উপজেলার রনাইল গ্রামের নুর ইসলামের ছেলে ও ভুট্টু নিয়ামতপুর উপজেলার তালপুকুরিয়া গ্রামের প্রয়াত হারুন-অর-রশীদের ছেলে। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মেয়ে জাকিয়া (৭) ও বন্ধু ভুট্টুকে নিয়ে মোটরসাইকেলে করে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন মজনু। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড়ে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মজনু ও ভুট্টুর মৃত্যু হয়। আহত জাকিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
