মুখে কালি মেখে রাহুল আনন্দের প্রতিবাদ

আপডেট : ৩১ মে ২০২০, ০২:৪৯ পিএম

রণেশ ঠাকুরের গানের ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজন করা হয় ‘সলিডারিটি কনসার্ট ফর রণেশ ঠাকুর’। শনিবারের রাতের লাইভ এই আয়োজনে সংহতি প্রকাশ করতে গিয়ে নিজের মুখে কালি মাখেন জলের গানের ভোকাল রাহুল আনন্দ।

‘আমি কোনো প্রতিবাদ করবো না, আমি কোনো বিচার চাইবো না’— এভাবে কথা শুরু করেন এই শিল্পী। সংক্ষিপ্ত ভূমিকার পর নিজের গান শুরু করেন রাহুল আনন্দ।

‘মুনিয়া জানেরে তোর মনেরেই বেদন, অই তন্ত্রমন্ত্রে পাই না তোরে, আমার ঘরে কে দিলো আগুন’ গানটি পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ করেন রাহুল। এ সময় নিজের পুরো মুখ কালি দিয়ে দিয়ে ঢেকে দেন। গান ও ছবি আঁকার খাতা ছিঁড়েও প্রতিবাদ জানান। 

টানা আড়াই ঘণ্টার এই অনুষ্ঠান সঞ্চালন করেন আয়োজনের সমন্বয়ক উজ্জ্বল দাশ। প্রথমেই গান পরিবেশনায় অংশ নেন বাউল রণেশ ঠাকুর। আরও অংশ নেন বাপ্পা মজুমদার ও কনক আদিত্য, বাউল শফি মণ্ডল, বশিরউদ্দিন সরকার ও সূর্যলাল দাস, সৈয়দ হাসান টিপু, পিন্টু ঘোষ, আশিক, শিবু কুমার শীল ও প্রকাশ, কলকাতার শিল্পী দেব চৌধুরী ও রাজীব দাশ, যুক্তরাষ্ট্র প্রবাসী তাজুল ইসলাম, লন্ডন প্রবাসী অমিত দে, গৌরী চৌধুরী ও সোহিনী আলম, জার্মানি প্রবাসী শবনম সুরিতা, অস্ট্রেলিয়া প্রবাসী পারমিতা দে প্রমুখ।

রণেশ ঠাকুর প্রয়াত গীতিকবি-গায়ক শাহ আবদুল করিমের অন্যতম শিষ্য। সুনামগঞ্জের দিরাইয়ে তার গানের ঘরে আগুন দিলে বাদ্যযন্ত্র ও ৪০ বছরের গানের সংগ্রহশালা নষ্ট হয়। এ ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত