এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫.২২ শতাংশ। আর এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে ১০ হাজার ২৪৫ জন।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৯ হাজার ৭০জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০জন।
রবিবার সকাল ১১টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা।
এ বোর্ডের আওতাধীন ৬টি জেলার বিভিন্ন স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৯৪ দশমিক ৪১ শতাংশ হারে কৃতকার্য হয়েছে ৭৬ হাজার ৯৬৪ ছাত্রী। যাদের মধ্যে এ প্লাস পেয়েছে ৫ হাজার ৩৩০ জন।
বোর্ডে এ বছর ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৩১। কৃতকার্য ছাত্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৬। যাদের মধ্যে এ প্লাস পেয়েছে ৪ হাজার ৯১৫ জন।
তথ্যমতে, গত বছরের চেয়ে এ বছর পাসের হার কিছুটা কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা।
২০১৯ সালে কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিলো ৮৭.১৬ শতাংশ। এ বছর তা কমেছে ২ শতাংশের মতো। গেলো বছর জিপিএ-৫ পেয়েছিলো ৮৭৬৪ জন; এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৫-এ।
এর আগে রবিবার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর গণমাধ্যম কর্মীদের ফলাফল বিবরণীর বিভিন্ন দিক তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান।
