ম্যারাডোনার স্মৃতিবিজড়িত বাড়িতে নতুন সাজ

আপডেট : ০১ জুন ২০২০, ০১:৩০ পিএম

যে বাড়িতে বহুরাত কাটিয়েছেন ফুটবলপ্রেমের আবেগে। যে বাড়ির বারান্দা আর জানালা জানে তার একটু একটু করে সত্য হওয়া স্বপ্নের ইতিহাস। ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার সেই বাড়ি এখন পুরোপুরি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসির তথ্য অনুযায়ী, ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এই বাড়িতে থেকেছেন ম্যারাডোনা। ধারণা করা হয় এরপর তিনি বার্সেলোনা অথবা বোকা জুনিয়র্সের দেয়া আরেকটি বাড়িতে ওঠেন।

১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের আগে বুয়েনস আয়ার্সের এই দ্বিতল বাড়িটি ম্যারাডোনা পান ১৯৭৮ সালে। তার প্রথম চুক্তির অংশ হিসেবে সে সময় বাড়িটিতে থাকা শুরু করেন। ওই চুক্তির বিস্তারিত আজও জানা যায়নি।

২০১৬ সালে বাড়িটিকে জাদুঘর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন আর্জেন্টিনোস জুনিয়র ক্লাবের সাবেক ম্যানেজার আলবার্তো পেরেজ। ওই সময় অবশ্য দেখার মতো খুব বেশি কিছু ছিল না বাড়িটিতে।

ম্যারাডোনা ১৯৮১ সালে বাড়িটি ছাড়ার পর এক নারী সেখানে থাকা শুরু করেন। পেরেজ তার কাছ থেকে ২০০৮ সালে কিনে নেন।

পেরেজ বাড়িটিকে ম্যারাডোনার ছেলেবেলার বাড়ির আদলেই গড়ে তুলেছেন। ওই সময় যে ফার্নিচারগুলো ব্যবহার করতেন, সেগুলো রেখেছেন। ম্যারাডোনার প্রিয় রেকর্ড প্লেয়ারটিও সংগ্রহশালায় দিয়েছেন।

সামনে দিয়ে যাওয়ার সময় খুব সহজেই এখন বাড়িটি চোখে পড়ে। রাস্তায় দাঁড়িয়ে আছে কিংবদন্তির বিশাল মুরাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত