গভর্নরের সঙ্গে এসইসি চেয়ারম্যানের সাক্ষাৎ

মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ সুদ ভর্তুকি প্রণোদনা পাবে

আপডেট : ০২ জুন ২০২০, ০১:০৪ এএম

মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজও সরকারঘোষিত ভর্তুকি সুদে ঋণ এবং গত এপ্রিল ও মে মাসের সুদ স্থগিত সুবিধা পাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নব নিযুক্ত চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। এর ফলে মার্জিন ঋণের সুদ গত এপ্রিল ও মে মাসের জন্য কিছুটা কমতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, বিএসইসির চেয়ারম্যান অনুরোধ করেন সাধারণ বিনিয়োগকারীরা যাতে সেপ্টেম্বরের আগেই ব্যাংকগুলোর নগদ লভ্যাংশ পান। এ ক্ষেত্রে লভ্যাংশ বিতরণে কেন্দ্রীয় ব্যাংক যে সার্কুলার জারি করেছে, তা থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ জানান। বিএসইসির চেয়ারম্যানের এ অনুরোধ রাখারও আশ^াস দিয়েছেন ফজলে কবির। এর আগে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে ব্যাংকগুলোকে সেপ্টেম্বরের আগে নগদ লভ্যাংশ বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছিল।

গত ১৫ মে বিএসইসির চেয়ারম্যান পদে শিবলী রুবাইয়াত যোগ দেওয়ার পর এই প্রথম অর্থবাজার ও পুঁজিবাজারের  উভয় নিয়ন্ত্রক সংস্থার মধ্যে শীর্ষ কর্মকর্তাদের প্রথম বৈঠক হলো। বৈঠকটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে অভিহিত করা হলেও উভয় সংস্থার শীর্ষ কর্মকর্তারা অর্থনীতির অগ্রগতির স্বার্থে পারস্পরিক সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বিএসইসির কর্মকর্তারা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। গভর্নর ও বিএসইসির চেয়ারম্যান উভয়ে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে।

শেয়ারবাজার পরিস্থিতি : এদিকে পুনরায় লেনদেন শুরুর প্রথম দিনে কিছুটা আশা জাগালেও দ্বিতীয় দিনে গতকাল সোমবারই হতাশ হয়েছেন শেয়ারবাজারসংশ্লিষ্টরা। যথারীতি ক্রেতা সংকটের মধ্যে বিক্রির চাপ আরও বৃদ্ধি পাওয়ায় ফ্লোর প্রাইসের ওপরে থাকা অধিকাংশ শেয়ার দর হারিয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের পতন পতন হয়েছে প্রায় ৬১ পয়েন্ট বা দেড় শতাংশ, নেমেছে ৩৯৯২ পয়েন্টে।

গতকালও লেনদেনের সিংহভাগ অংশজুড়ে ছিল ওষুধ ও রসায়ন খাতের শেয়ার। ১৯৭ কোটি ৭২ লাখ টাকার লেনদেনে এ খাতটিরই ১৩৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়, যা ৬৮ দশমিক ৬৪ শতাংশ। লেনদেনের শুরুতে এ খাতটির অধিকাংশ শেয়ার দর বেড়ে কেনাবেচা হলেও শেষ পর্যন্ত এগুলোরও বাজার দর কমেছে।

তালিকাভুক্ত ৩৫৮ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২৭টির লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ২৯টি শেয়ারে যথেষ্ট ক্রেতা-বিক্রেতা ছিল। শেয়ারগুলো হলো এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস, একমি ল্যাব, এমবি ফার্মা, বিডি ওয়েল্ডিং, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা, দেশ গার্মেন্টস, গ্রামীণফোন, ইবনে সিনা, ইন্দোবাংলা ফার্মা, জেএমআই সিরিঞ্জেস,  লিনডে বিডি, মুন্নু সিরামিক, ওরিয়ন ইনফিউশনস, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স,  ফার্মা এইডস, রেকিট বেনকিজার, রেনেটা, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার ও ওয়াটা কেমিক্যাল।

এর বাইরে ক্রেতার বিপরীতে বিক্রেতা কম ছিল প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ডে। বিপুল বিক্রির আদেশের বিপরীতে কিছু ক্রেতা ছিল অ্যাকটিভ ফাইন, এডভেন্ট ফার্মা, বারাকা পাওয়ার, আনলিমা ইয়ার্ন, এক্সিম ব্যাংক, ফার কেমিক্যাল, জিবিবি পাওয়ার, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংকের শেয়ারে।

শেষে পর্যন্ত মাত্র ২৮টি শেয়ারের দর বেড়েছে, দর হারিয়েছে ৭০টি এবং দর অপরিবর্তিত বা ফ্লোর প্রাইসে কেনাবেচা হয়েছে ২২৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দিনব্যাপী প্রায় ১৯৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা হলেও এর মধ্যে ব্লক মার্কেটেই কেনাবেচা হয়েছে ৫৮ কোটি টাকারও বেশি শেয়ার। ২৬ কোটি টাকার লেনদেন নিয়ে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। লেনদেনে এর পরের অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মার পৌনে ১৭ কোটি টাকার, গ্রামীণফোনের সাড়ে ৯ কোটি টাকার এবং বেক্সিমকো লিমিটেড ও ইন্দোবাংলা ফার্মার ৬ কোটি টাকা করে ১২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।

দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে গতকাল ২৭ শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে ৩৪টির দর কমেছে। অপরিবর্তিত ছিল ৬২টির বাজারদর। লেনদেন হয়েছে ৫৫ কোটি টাকার শেয়ার। এর মধ্যে লিনডে বিডিরই ব্লকে লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকার শেয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত