প্রশ্ন : আমাদের মহল্লায় অনলাইনের মাধ্যমে আয় করার বেশ ধুম পড়েছে। কাজটি মোটামুটি এমন যে, প্রথমে বন্ধু বানিয়ে তার সঙ্গে কিছু চ্যাট করার পর তাকে একটি লিংক বা ঠিকানা দেওয়া হয়। তারপর সে ব্যক্তি ওই ঠিকানায় প্রবেশ করে নিজের ব্যাংক হিসাব নম্বর দিয়ে সাইন আপ করলে তার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়। এটা করে আমি যে কোম্পানির অধীনে কাজ করছি সে কোম্পানি এবং এর কিছু অংশ কোম্পানি আমাকে দিয়ে থাকে। উল্লেখ্য, প্রক্রিয়াটি ডেটিং সাইটের মাধ্যমে হচ্ছে এবং এতে কিছু নগ্ন ছবিও পাঠাতে হয়। উপার্জিত টাকা হালাল নাকি হারাম?
উত্তর : মূলত এ জাতীয় সাইটগুলো তরুণ ও যুবসমাজকে ভার্চুয়াল প্রেমের নামে নগ্নতা ও অশ্লীলতার প্রতি উৎসাহিত করে থাকে। সুতরাং অশ্লীলতানির্ভর এ জাতীয় সাইটের মাধ্যমে উপার্জিত অর্থ নিঃসন্দেহে হারাম।
আল্লাহতায়ালা বলেছেন, সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা কোরো না। (সুরা মায়েদা, আয়াত : ২)
আর এ জাতীয় সাইটের মাধ্যমে যারা অর্থ উপার্জন করছে তাদের প্রতি আমাদের উপদেশ হলো, এগুলো এখনই ছেড়ে দিয়ে তওবা করুন। হালাল কোনো মাধ্যমে উপার্জন করার চেষ্টা করুন। রিজিকের ব্যাপারে আল্লাহতায়ালার ওপর পূর্ণ আস্থা ও ভরসা রাখুন। ইনশাল্লাহ, তিনি আপনার জন্য এর চেয়ে সুন্দর ও উত্তম উপায় বের করে দেবেন। আল্লাহতায়ালা বলেন, ‘আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন।’ (সুরা তালাক, আয়াত : ২-৩)
