ইউটিউব লাইভ অনুষ্ঠানে সঞ্চালক বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। উত্তর দিতে গিয়ে ২৩ বছর বয়সী তারকা মজার কাণ্ড ঘটালেন। লাইভ চলাকালেই তার মাকে ডাকা শুরু করলেন এই বলে, ‘দাঁড়ান আমার উত্তরটা আরেকজন দিচ্ছে…।’
করোনাভাইরাসের কারণে মাঠে খেলা নেই। খেলোয়াড়রা ঘরবন্দি সময় কাটাচ্ছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ভক্তরা প্রিয় তারকাদের পাশে পাচ্ছেন। ফেইসবুক, ইন্সটাগ্রাম বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হচ্ছেন ক্রিকেটাররা।
সাইফউদ্দিন সম্প্রতি একটি ক্রিকেট ওয়েবসাইটের ইউটিউব চ্যানেলের লাইভে যুক্ত হন। সেখানেই সঞ্চালক প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে বলেন, ‘…বলে নিচ্ছি এটা আমার প্রশ্ন না, দর্শকদের প্রশ্ন। সেটা হচ্ছে- আপনার প্রিয় বন্ধু মেহেদী হাসান মিরাজ বিয়ে করে ফেলেছে। আপনি বিয়ে করেননি কেন এখনো…।’
নিজের বাসা থেকে লাইভে যুক্ত থাকা সাইফউদ্দিন বলেন, ‘আচ্ছা, একটু অপেক্ষা করেন। আমার উত্তরটা আরেকজন দিচ্ছেন…।’
এই বলে মাকে ডাকা শুরু করেন সাইফউদ্দিন। তিনবার ডাকার পর অন্য ঘরে থাকা মার উত্তর না পেয়ে সাইফউদ্দিন বলেন, ‘রিপ্লাই দিচ্ছে না। তার মানে এখনো সময় নি।’
২০১৭ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত দেশের হয়ে ২২টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন সাইফউদ্দিন।
