করোনা সন্দেহে বাড়িতে লাশ রেখে পালাল স্বজনরা

আপডেট : ০২ জুন ২০২০, ০৬:৩৫ এএম

ফেনীর সোনাগাজীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির লাশ বাড়িতে রেখে পালিয়েছে তার স্বজনরা। গত রবিবার সন্ধ্যার পর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে মৃত্যু হয় শাহাব উদ্দিন নামে (৬২) ওই ব্যক্তির। এর পরপরই করোনা সংক্রমিত হওয়ার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তার পরিবারের সদস্যরা। শাহাব উদ্দিনের স্ত্রী, মেয়ে বা জামাতা কেউই মরদেহ দাফনের ব্যবস্থা করতে রাজি হননি। এগিয়ে আসেনি তার আত্মীয়-স্বজনরাও। পরে অবশ্য ওইদিনই গভীর রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের চেষ্টায় শাহাব উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

মারা যাওয়া শাহাব উদ্দিন ভাদাদিয়া গ্রামের হোসেন ডিলার বাড়ির আনার আহমদের ছেলে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু দেশ রূপান্তরকে জানান, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া শাহাব উদ্দিন চট্টগ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। এরইমধ্যে দুদিন আগে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে রবিবার সন্ধ্যার পর শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে নিজ বাড়িতে মারা যান শাহাব উদ্দিন।

চেয়ারম্যান বলেন, ‘শাহাব উদ্দিনের মৃত্যুর পর পরিবারের সদস্যরা লাশ ফেলে পালিয়ে যায়। মৃতের স্ত্রী, মেয়ে ও জামাতা কেউই লাশ দাফন করতে রাজি হয়নি। তার আত্মীয়-স্বজনরাও এগিয়ে আসেনি। এ অবস্থায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাফনের সব ব্যবস্থা গ্রহণ করা হয়। কবর খোঁড়া, জানাজা ও দাফনকাজে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন সোনাগাজী শাখার দাফন টিমের সদস্যরা।’

রবিউজ্জামান আরও বলেন, ‘দাফনের জন্য রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পিপিই (পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) সংগ্রহ করা হয়। থানা থেকে লাশের জন্য আনা হয় ব্যাগ। পরে রাত ৩টা নাগাদ জানাজা ও দাফন সম্পন্ন হয়।’

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা জানান, মারা যাওয়া শাহাব উদ্দিন করোনা আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত