করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য প্রায় ১৮ কোটি টাকার শিক্ষা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সারা দেশে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ। এ বিশেষ প্রণোদনার আওতায় এনইউবির শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ থেকে শুরু করে ইন্টারনেট ডেটাসহ শিক্ষাসংক্রান্ত প্রয়োজন মেটাতে পারবে।
যে কয়েকটি ধাপে এ শিক্ষা প্রণোদনা পাবে সেগুলো হলোÑ ইউনিভার্সিটির যেসব শিক্ষার্থী কভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের জন্য সামার ২০২০ সেমিস্টারের প্রায় ১০০ ভাগ টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কর্র্তৃপক্ষ। এ সেমিস্টারে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফির ওপর ২০ শতাংশ এবং অন্যান্য সব সুবিধার পরও ভর্তি ফি থেকে ৫০ শতাংশ ছাড় পাচ্ছে। বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীরা সামার ২০২০ সেমিস্টারের টিউশন ফির ওপর ১৫ শতাংশ শিক্ষা প্রণোদনা পাবে। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, করোনা বিপর্যয়ে আর্থিক সমস্যায় থাকা শিক্ষার্থীরা যাতে পড়াশোনা অব্যাহত রাখতে পারে সে বিষয়টি মাথায় রেখে বিশেষ এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।’ বিজ্ঞপ্তি।
