ত্রাণে অনিয়ম

আরও ১১ জনপ্রতিনিধি বরখাস্ত

আপডেট : ০৩ জুন ২০২০, ০৫:৩১ এএম

ত্রাণ বিতরণসহ নানা অনিয়মের অভিযোগে আরও ১১ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগ হতে গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এদের মধ্যে চারজন ইউপি চেয়ারম্যান ও ছয়জন ইউপি সদস্য এবং একজন পৌর কাউন্সিলর। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৮৫ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান, ৫১ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস চেয়ারম্যান।

নতুনভাবে সাময়িকভাবে বরখাস্ত হওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুর ইউপির মো. আনোয়ারুল হক, বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপির হাজি মো. কাজল ভূঁইয়া, বরগুনা জেলার সদর উপজেলাধীন এম বালিয়াতলী ইউপির মো. শাহনেওয়াজ এবং নলটোনা ইউপির হুমায়ুন কবীর।

বরখাস্ত হওয়া ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাধীন মজলিশপুর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭নং ওয়ার্ডের সদস্য হাছান মিয়া, বরগুনা জেলার সদর উপজেলাধীন নলটোনা ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য মো. হারুন মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মো. হানিফ, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. রানী এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. ছাবিনা ইয়াসমিন (পলি)। এছাড়া চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোলাইমান বাবুলকেও সাময়িক বরখাস্ত করেছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত