ইউনাইটেডে আগুনে ৫ মৃত্যু

হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

আপডেট : ০৩ জুন ২০২০, ০৫:৩৪ এএম

রাজধানীর গুলশানের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে করোনা ইউনিটে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। আগামী ১৪ জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ মহাপরিদর্শককে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত ২৭ মে রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালের প্রাঙ্গণে করোনাভাইরাসের রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লাগে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার মধ্যেই পাঁচ রোগীর মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস। তাদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত ছিলেন বলে জানায় হাসপাতাল কর্র্তৃপক্ষ।

ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল, নিহতদের পরিবারকে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত ৩০ মে রিট আবেদনটি করেন আইনজীবী নিয়াজ মুহাম্মদ মাহবুব ও শাহিদা সুলতানা শিলা। গতকাল রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ‘ইউনাইটেড হাসপাতালে আইসোলেশন শেড স্থাপনে বিল্ডিং কোড মানা এবং অনুমোদন ছিল কি না সে বিষয়ে রাজউক কর্র্তৃপক্ষকে এবং পাঁচজনের মৃত্যু ও এই ঘটনায় হাসপাতাল কর্র্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে এর ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। এ ছাড়া এ ঘটনাটি তদন্ত করছে সিআইডি। সিআইডির এই প্রতিবেদন পুলিশের মহাপরিদর্শককে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে তাদের তদন্তের ভিত্তিতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

এ ঘটনায় গত সোমবার আরেকটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আরও দুজন আইনজীবী। এতে ওই হাসপাতালের লাইসেন্স বাতিল, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং নিহতদের স্বজনদের ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত