ভার্চুয়াল আদালতে মামলা তালিকায় (কজ লিস্ট) অন্তর্ভুক্ত হওয়া না হওয়া নিয়ে ফেইসবুকে বিভ্রান্তিকর ও তথ্যবিহীন স্ট্যাটাস এবং মন্তব্য করার বিষয়ে আইনজীবীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল বেঞ্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অনলাইনে এ বিষয়ে নির্দেশনা দেন। এরপর বিষয়টি সুপ্রিম কোর্ট বারের সব আইনজীবীকে জানিয়ে দেওয়া হয়েছে বলে দেশ রূপান্তরকে জানান রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, ‘হাইকোর্ট আমাদেরকে অনলাইনে ডেকে বলেছে কিছু দরখাস্ত প্র্যাকটিস ডাইরেকশন মেনে সঠিক নিয়মে লেখা হচ্ছে না। কিছু ভুলত্রুটি থাকছে। যে কারণে আবেদনগুলো কার্যতালিকায় আসছে না। অনেক দরখাস্ত তালিকায় না আসায় কিছু আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আমাদের বক্তব্য ছিল, স্বাভাবিক সময়ে ছোটখাটো ভুল হলে আমরা শুধরে দিতে পারতাম। কিন্তু এখন ভার্চুয়াল পদ্ধতিতে সেটি সম্ভব হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আমরা আদালতের কাছে আর্জি জানিয়েছি, দরখাস্তে যেসব আইনজীবী ভুল করছেন, নিয়মিত আদালত চালু হলে ভুলগুলো যেন সংশোধনের সুযোগ দেওয়া হয়। হাইকোর্ট বলেছে, আইনজীবীরা যাতে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর মন্তব্য ও পোস্ট না দেয়। এ নির্দেশনা সমিতির সব আইনজীবী সদস্যকে মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে জানানো হয়েছে।’
