করোনা পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৬ হাজার পিস এন-৯৫ মাস্ক উপহার দিয়েছে ব্র্যাক ব্যাংক।
মাস্কগুলো এমবিএম গ্রুপের সহায়তায় চীন থেকে সরাসরি আমদানি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি। গত ২৩ মে ঢামেক কর্তৃপক্ষের কাছে মাস্কগুলো হস্তান্তর করা হয়।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার মো. শাব্বির হোসেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিনের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন। এ সময় প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবদুল হামিদ, ঢামেক এবং এমবিএম গ্রুপের পরিচালক কামরান সাদিক উপস্থিত ছিলেন।
শাব্বির হোসেন বলেন, আমাদের স্বাস্থ্যসেবাদাতারা এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জনগণের জন্য অসামান্য কাজ করছেন। একটি ভ্যালু-বেইজড ব্যাংক হিসেবে আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের নিরবচ্ছিন্ন সহায়তা দেবে।
