মুশফিককে বিসিবির আপাতত ‘না’

আপডেট : ০৩ জুন ২০২০, ০৯:৩১ পিএম

করোনাভাইরাসের কারণে মার্চ থেকেই দেশে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ। ক্রিকেটাররা আপাতত নিজ উদ্যোগেই বাড়িতে নিজেদের ফিট রাখার কাজ করে যাচ্ছেন। এ অবস্থায় দেশের সিনিয়র ক্রিকেটর মুশফিকুর রহিম মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে একক অনুশীলন শুরু করতে চেয়েছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আপাতত তাকে ‘না’ বলে দিয়েছে।

আসলে করোনার সার্বিক পরিস্থিতি আরো কিছু সময় পর্যবেক্ষণ করে তবেই ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর কথা ভাবছে বিসিবি। কাউকে একেক অনুশীলনের অনুমতি দিলেও সেই কাজে আরো কয়েক জনের সংশ্লিষ্টতা লাগবে। তাই বিসিবি তাড়াহুড়ো করতে চাইছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা পরিস্থিতি তুলে ধরেছি। মুশফিক তো খুবই সেন্সিবল। সে ভালোভাবেই বুঝতে পেরেছে। যখন সময় হবে, সবার জন্য একইরকম নিরাপদ পরিবেশ সৃষ্টি করে অনুশীলনের ব্যবস্থা করব আমরা।’

মুশফিক বলেছেন, ‘মন তো মানে না, তাই নিজের মতোই প্র্যাকটিসের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। কিন্তু উনারা বলার পর আমিও বুঝতে পেরেছি।’

করোনার ভীতির মাঝে এরই মধ্যে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা অনুশীলন শুরু করেছে। জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ক্যারিবীয়রা। তবে বিসিবি ক্রিকেটারদের মাঠে ফেরানোর ব্যাপারে তাড়াহুড়ো করতে চায় না। বিশেষ করে দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যখন দিন দিন বেড়েই চলেছে।

তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। তবে যে কোনো সময় অনুশীলন শুরুর প্রস্তুতিও নিয়ে রাখছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত