করোনাভাইরাস মোকাবিলায় আরও বিধিনিষেধ আরোপ করা উচিত ছিল বলে স্বীকার করেছেন সুইডেনের মহামারীবিষয়ক শীর্ষ কর্মকর্তা আন্দেস টেগনেল। দেশটিতে লকডাউন নীতি না নেওয়ার পেছনে সুইডেনের এই রাষ্ট্রীয় এপিডেমিওলজিস্ট প্রধান ভূমিকা পালন করেছেন বলে মনে করা হয়।
কয়েক মাস ধরে ভাইরাস মোকাবিলায় নিজের পদ্ধতিকে ‘বেশি টেকসই’ অভিহিত করে আসা টেগনেল বিভিন্ন দেশে লকডাউন পদ্ধতির সমালোচনাও করেছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত বুধবার সকালে সুইডেনের সভেরিয়াস রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে টেগনেল দেশটিতে কঠোর বিধিনিষেধ আরোপ না করায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নেন।
তিনি বলেন, আজ আমরা যা জানি, তার ভিত্তিতেই যদি এ রোগের মুখোমুখি হতে হয়, তাহলে সুইডেন এতদিন যা করেছে এবং বাকি বিশ্ব যা করেছে, আমরা এই দুইয়ের মাঝামাঝি অবস্থান নিতাম।
জনসংখ্যার ভিত্তিতে সুইডেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশটির ৩৮ হাজার ৫৮৯ জনের দেহে কভিড-১৯ শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৬৮ জনের।
অথচ প্রতিবেশী নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে নতুন করোনাভাইরাসে ৬০০ জনেরও কম মৃত্যু হয়েছে। এসব দেশ করোনাভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল।
