‘নমুনা সংগ্রহে জটিলতা’

পরীক্ষা স্থগিতে বিএসএমএমইউকে গণস্বাস্থ্যের চিঠি

আপডেট : ০৪ জুন ২০২০, ০২:১৮ এএম

করোনা শনাক্তকরণে অ্যান্টিজেন কিটের কার্যকারিতা পরীক্ষা স্থগিত রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্র্তৃপক্ষকে চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল বুধবার গণস্বাস্থ্য মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার দেশ রূপান্তরকে বলেন, সঠিকভাবে নমুনা (লালা) সংগ্রহে অসামঞ্জস্যতা দেখা দেওয়ায় গত মঙ্গলবার বিএসএমএমইউকে আপাতত অ্যান্টিজেন কিট পরীক্ষা স্থগিত রাখতে চিঠি পাঠানো হয়েছে।

ডা. মুহিব উল্লাহ আরও বলেন, ‘আমরা বিএসএমএমইউকে বলেছি, আপনারা আপাতত অ্যান্টিবডি কিটের পরীক্ষা শেষ করে রিপোর্ট জমা দিয়ে দেন। অ্যান্টিজেন কিটের নমুনা হচ্ছে লালা (স্যালাইভা)। এ বিষয়ে বিএসএমএমইউর সঙ্গে জয়েন্ট মনিটরিং টিম বসে আমরা দেখি যে, সন্দেহভাজনদের লালা সংগ্রহে সমস্যা হচ্ছে। মানুষ লালা (নমুনা) দিতে গিয়ে মুখের মধ্যে থাকা বিভিন্ন ময়লা, কফ, পানের পিক ইত্যাদি দিয়ে দিচ্ছে। লালাটা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না।’

অ্যান্টিজেন কিট নমুনা হিসেবে লালা পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যদি লালার সঙ্গে অন্য কিছু দেওয়া হয় তাহলে কিটে সমস্যা দেখা দেবে। এটা আমাদের অ্যান্টিজেন কিটের কোনো সমস্যা নয়, নমুনা সংগ্রহের অসামঞ্জস্যতা। আমরা বিএসএমএমইউকে বলেছি, এক সপ্তাহের মধ্যে অ্যান্টিজেন কিটের নমুনা সংগ্রহের জন্য নতুন একটা পদ্ধতি তৈরি করে দেব। একটা কন্টেইনারের ভেতর নির্দিষ্ট কিছু মেডিসিন দিয়ে দিলে মানুষের লালাটা সঠিকভাবে চলে আসবে। সেই পদ্ধতিটা আমাদের ল্যাবে তৈরি করছি। তাই বিএসএমএমইউকে আপাতত অ্যান্টিজেন কিট পরীক্ষা বন্ধ রাখতে বলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত