জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট

যুবক বৃদ্ধসহ আরও ১১ জনের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২০, ০২:৪৩ এএম

দেশের বিভিন্ন স্থানে জ্বর , সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুরে তিন বৃদ্ধসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। পাবনায় সর্দি, জ¦র ও কাশি নিয়ে মারা যান দুজন। পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে মারা যান ওষুধ ব্যবসায়ী। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নারীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের (সিডিএ) এক কর্মকর্তা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া নরসিংদীতে আরেক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বিস্তারিত ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

চাঁদপুর : করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দুজন এবং অন্যরা নিজ বাড়িতে মারা যান। সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, আবদুর রাজ্জাক (৭০) নামে এক বৃদ্ধ মঙ্গলবার রাতে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। রাত ২টায় তিনি মারা যান। এ ছাড়া লাকী আকতার (৩৪) নামে এক নারী বুধবার সকালে ভর্তির কিছুক্ষণ পর মারা যান। দুজনই সদর উপজেলার কল্যান্দী এলাকার বাসিন্দা। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ জানান, মঙ্গলবার রাতে করোনা উপসর্গে হাজীগঞ্জ উপজেলার বালিয়া এলাকার মজিবুর রহমান (৮০) ও হাজীগঞ্জ বাজার এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৭) মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পল্লী চিকিৎসক আবু তাহের ভূঁইয়া (৬০) মারা যান। স্থানীয়রা জানান, তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

পাবনা : মঙ্গলবার রাতে সুজানগর ও চাটমোহর উপজেলায় দুজন মারা যান। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক আবুল হোসেন জানান, সুজনগর উপজেলার সুমন হোসেন (৬৫) নামে এক ব্যক্তি ১ জুন সর্দি, জ¦র ও কাশি নিয়ে ভর্তি হন। রাতে তিনি মারা যান। এ ছাড়া চাটমোহর উপজেলায় আটলঙ্কা নতুনপাড়ায় নজরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালী : সদর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা এবং শহরের নিউমার্কেট এলাকার ওষুধ ব্যবসায়ী বাবু লাল (৬০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আখিরন বিবি (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসক ভবতোষ কুমার মণ্ডল জানান, জ¦র, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস নিয়ে সদর উপজেলার তালতলা গ্রামের শাজাহান আলীর স্ত্রী আখিরন ভর্তির কিছুক্ষণ পরই মারা যান।

নরসিংদী : গতকাল সকালে নরসিংদী জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নূরে আলম খন্দকার (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে শহরের বাসাইল এলাকার বাসিন্দা নূরে আলম জ¦র, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

চট্টগ্রাম : শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের (সিডিএ) টাউন প্ল্যানার সারোয়ার উদ্দিন আহমেদ (৫৭) মারা গেছেন। বুধবার বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জামাল মোস্তফা জানান, নগরীর মেহেদীবাগ এলাকার বাসিন্দা সারোয়ার মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে বুধবার বিকেলে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত