করোনা পরিস্থিতিতে রাজধানীর চারটি কলেজের ভর্তি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই চার প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ স্থগিত করা হয়।
এর আগে গত সোমবার এই প্রতিষ্ঠাগুলোকে ভর্তি প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানগুলো থেকে জানানো হয়। গত কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে অনলাইনের মাধ্যমে দেশের সব সরকারি-বেসরকারি কলেজ একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করলেও এই ৪টি কলেজ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করে আসছে।
গতকাল বুধবারের আদেশে বলা হয়, করোনা মহামারী এবং ‘অন্যান্য সার্বিক বিষয়’ বিবেচনা করে এই চারটি কলেজে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদনের বিষয়টি স্থগিত করা হলো। উল্লেখ্য, করোনার কারণে গত ৩১ মে ভার্চুয়াল মাধ্যমে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
