জনপ্রিয় এক টেলিভিশন অনুষ্ঠানে নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নির্বাসিত হতে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। এরপর বছর খানেকেরও বেশি সময় পেরিয়েছে। ভারতীয় অলরাউন্ডার বলছেন, সেই বিতর্কিত ঘটনা তাকে অনেক বেশি পরিণত করেছে। ভুল থেকে শিক্ষা নিয়েছেন তিনি।
চোটের কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে পান্ডিয়া। গত বছর পিঠে অস্ত্রোপচার করার পর এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন। ক্রিকেটের বাইরে থাকলেও সময়টা অবশ্য খারাপ যাচ্ছে না তার। ক’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, তিনি বাবা হতে চলেছেন।
এমন খুশির আবহে অতীতের বিতর্কিত প্রসঙ্গ নিয়ে পান্ডিয়া বললেন, ‘সেই ঘটনা আমাকে অনেক পরিণত করে তুলেছে। আমি জীবনে কিছু ভুল করেছি। তবে আমার সব থেকে ইতিবাচক দিক হল ভুল স্বীকার করে নেওয়া। যদি আমি ভুলটা স্বীকার করে না নিতাম, তবে আরও একটা টিভি শোয়ে এমনটা হতে পারত।’
পান্ডিয়া আরো জানান, বিতর্কিত সেই ঘটনা খুব বেশিদিন তাকে বিব্রত করেনি পরিবার পাশে ছিল বলেই। পান্ডিয়ার কথায়, ‘ওই ঘটনা খুব বেশিদিন আমাকে বিচলিত করেনি আমার পরিবার এটা মেনে নিয়েছিল বলেই। আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আমার ভুলের জন্য আমার পরিবারকে ভুগতে হয়েছে। এটা মেনে নেওয়া কঠিন।’
