আইপিএলের চেয়ে পিএসএলের বোলিং এগিয়ে: ওয়াসিম

আপডেট : ০৫ জুন ২০২০, ০১:১৮ এএম

কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বোলিংয়ের মান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চেয়ে নিম্নমানের। যদিও সবদিক থেকে আইপিএলকেই এগিয়ে রাখেন পাকিস্তানি গ্রেট। তবে শীর্ষ বিদেশিদের কাছে জিজ্ঞেস করে ওয়াসিম পিএসএলের পক্ষেই ভোট পেয়েছেন বলে দাবি করেছেন।

আইপিএল অনেক বছর ধরে আয়োজিত হচ্ছে। প্রতিষ্ঠিত একটি টুর্নামেন্ট এটি। তাই আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা করতে নারাজ ওয়াসিম। কিন্তু বোলিং বিভাগের কথা বললে আকরাম পিএসএলকে এগিয়ে রাখছেন।

বুধবার পাকিস্তানি সাবেক ক্রিকেটার বাসিত আলির ইউটিউব চ্যানেলে যুক্ত ছিলেন আকরাম। সেখানেই এই কিংবদন্তি বলেন, ‘আইপিএলের পর পিএসএল বিশ্বের দ্বিতীয় বৃহৎ টুর্নামেন্ট। তবে আইপিএল এবং পিএসএলের তুলনাটা ঠিক না। পিএসএল মাত্র শুরু হয়েছে এবং এটি মাত্র পঞ্চম সংস্করণ। আইপিএল সেখানে পরিণত একটি টুর্নামেন্ট। যেটা ১১-১২ বছর ধরে হচ্ছে। সেখানে টাকাও অনেক বেশি।’

২০১৬ সাল পর্যন্ত আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওয়াসিম। এরপর পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস ও করাচি কিংসের সঙ্গে যুক্ত ছিলেন।

ওয়াসিম বলছেন বিদেশি ক্রিকেটারদের যাদেরকেই জিজ্ঞেস করেছেন, বেশির ভাগই পিএসএলের বোলিংকেই এগিয়ে রেখেছেন। ‘আমি বেশিরভাগ উত্তরই পেয়েছি, আইপিএলের চেয়ে পিএসএলের বোলিং মান অনেক উপরে। আমরা জানতে পেরেছি যে, পিএসএল পাকিস্তানে আয়োজিত হওয়ার পর এটা কতটা দুর্দান্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক এবং সকল পাকিস্তানিদের ধন্যবাদ।’- বলেন ওয়াসিম আকরাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত