ঝিনাইদহে আলাপ শেখ (৫৫) নামে এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ওই হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাপ শেখ একই গ্রামের ভোলা শেখের ছেলে।
গ্রামবাসী জানায়, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এরই জেরে নিহত আলাপ শেখের ওপর হামলা হয়। গতকাল সন্ধ্যায় ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ, নুর ইসলামসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রামের আবুবকরের বাড়িতে দাওয়াত শেষে হরিশংকরপুর বাজারে যাচ্ছিলেন। পথে গ্রামের মিয়াবাড়ি মোড়ে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় আলাপ শেখ ও নুর ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত আলাপ শেখ ও নুর ইসলামকে সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাপ শেখকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
