ঢাকার সাভারে বহুল আলোচিত ধসে পড়া ভবন ‘রানা প্লাজা’র মালিক আবদুল খালেক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সাভার উপজেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে।
সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালের ২৪ এপ্রিল ‘রানা প্লাজা’ ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। হতাহতদের অধিকাংশই ছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি আবদুল খালেক দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন।
আবদুল খালেকের স্বজনরা জানান, গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত না হওয়ায় ভর্তি নেয়নি হাসপাতাল কর্র্তৃপক্ষ। পরে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি করোনাভাইরাসে সংক্রমিত কি না জানতে সোমবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে পাওয়া ফলাফলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। কিন্তু এর আগেই তিনি মারা যান।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ বলেন, করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সাভার বাজাররোড এলাকার বাসিন্দা আবদুল খালেকের মৃত্যু হয়েছে। তবে তিনি ‘রানা প্লাজা’র মালিক কি না তা নিশ্চিত করতে পারেননি তিনি।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, আবদুল খালেক করোনায় আক্রান্ত ছিলেন বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্র্তৃপক্ষ নিশ্চিত করেছে।
