মহামারীর মধ্যে সরানো হলো স্বাস্থ্য সচিবকে

আপডেট : ০৫ জুন ২০২০, ০৩:৪৮ এএম

করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে তাকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান। গতকাল বৃহস্পতিবার বদলির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সাধারণত বড় ধরনের কোনো অভিযোগ না থাকলে মহামারীর মধ্যে সংশ্লিষ্ট কাউকে বদলি করা হয় না। এই বদলি তাই বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন। করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর চিকিৎসা ব্যবস্থা ও মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা নিয়ে সমালোচনা হয়। এতে বিভিন্ন মহল থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসেবা সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবি ওঠে।

গত কিছু দিন ধরেই স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে আলোচনাও চলছিল। এই পদে আবদুল মান্নান আসছেন, তাও জানাজানি হয়ে যায়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবদুল মান্নানকে অগ্রিম শুভেচ্ছাও জানান।

আবদুল মান্নান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ছিলেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদের একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়।

গতকাল স্বাস্থ্য সচিব ছাড়াও তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এর মধ্যে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বিসিএস প্রশাসন অ্যাকাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) মোছা. আছিয়া খাতুনকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত