বিরোধী দলগুলোকে দোষারোপ করে লাভ হবে না : ফখরুল

আপডেট : ০৫ জুন ২০২০, ০৩:৪৮ এএম

বিরোধী রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সরকারের সমন্বয়হীনতা, উদাসীনতা ও ব্যর্থতা জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠছে। তাদের ব্যর্থতার কারণে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাদের ব্যর্থতার বিষয়টি যখন জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠছে তখন সেখান থেকে জনগণের দৃষ্টি ভিন্নদিকে সরাতে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে সরকার। গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে তিনি এসব কথা বলেন।

এর আগে গতকাল এক অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সরকারের সমালোচনাকে রুটিন ওয়ার্কে পরিণত না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেছেন, এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি করোনার সংক্রমণ বিস্তারে আরও প্রাণশক্তি জোগাবে।

এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বিএনপি শুরু থেকে সরকারকে নানা পরামর্শ দিয়েছে যার একটিও সরকার গ্রহণ করেনি। সরকার বিএনপির পরামর্শ শুনলে করোনাভাইরাসের সংক্রমণ এত বাড়ত না। শুধু তাই নয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার যে পরামর্শক কমিটি গঠন করেছে তাদের কথায়ও গুরুত্ব না দিয়ে সারা দেশ থেকে লকডাউন তুলে নিয়েছে।

তিনি বলেন, বিভ্রান্তিকর কথাবার্তা বলে সরকার তার ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে পারবে না। কারণ সরকারের সমন্বয়হীনতা, উদাসীনতা ও ব্যর্থতার বিষয়গুলো জনগণের সামনে দিবালোকের মতো স্পষ্ট। বিএনপি মহাসচিব বলেন, করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর স্বাস্থ্য খাতের বেহালদশা স্পষ্ট হয়ে উঠেছে। শুধু তাই নয়, করোনাভাইরাসের মতো দুর্যোগের সময়ও সরকারদলীয় লোকদের দুর্নীতির বিষয়গুলো গণমাধ্যমে উঠে এসেছে। যে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেবেন তাদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী সরবরাহ করতে পারেনি। আর এ কারণে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত