জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এবং ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ চারজনসহ জেলায় আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জামালপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৪ জন।
সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, বুধবার ময়মনসিংহের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। তাদের মধ্যে ৬ জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরের এমপি ফরিদুল হক খান দুলাল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তারসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন। এছাড়া বকশীগঞ্জে ১৫, সদরে ৮, সরিষাবাড়ীতে ৫, দেওয়ানগঞ্জে ৩, মাদারগঞ্জে ২ এবং মেলান্দহে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন ও সুস্থ হয়েছেন ১৩২ জন।
