মেসির ইনজুরি গুরুতর নয়: বার্সেলোনা

আপডেট : ০৫ জুন ২০২০, ০৫:৩৬ পিএম

লিওনেল মেসির ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছে বার্সেলোনা। লকডাউন পরবর্তী নিজেদের প্রথম ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশা ক্লাবটির।

স্প্যানিশ লা লিগায় মায়োর্কারের বিপক্ষে আগামী ১৩ জুন খেলতে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। তার আগে অনুশীলনে ফিরে হালকা চোট পান বার্সা তারকা। মঙ্গলবার থেকে তিনি দলের সঙ্গে নেই।

‘মেসির ইনজুরি হালকা। সে একাই অনুশীলন করছে,’ জানিয়ে বিবৃতিতে বার্সা বলেছে, ‘অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে তাকে দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করানো হচ্ছে। কয়েক দিনের ভেতরই সে দলের সঙ্গে যোগ দিতে পারে।’

লকডাউনের আগে ৩২ বছর বয়সী মেসি ইনজুরি নিয়ে বেশ ভুগেছেন। গত আগস্ট থেকে সেপ্টেম্বরে বেশ কয়েক সপ্তাহ দলের সঙ্গে ছিলেন না।

কিন্তু ফিটনেস ফিরে পেয়ে ৩১ ম্যাচে ২৪ গোল করে লা লিগায় বার্সাকে পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে যান।

করোনার কারণে সেই ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। এরপর গত সপ্তাহে খেলা শুরুর অনুমতি দেয় স্পেন সরকার।

স্পেনের ফুটবল ফেডারেশন গত শুক্রবার জানায় ১১ জুন সেভিয়া ও রিয়াল বেতিসের ডার্বি ম্যাচ দিয়ে লিগ শুরু হবে।

১১ জুন বৃহস্পতিবার সেভিয়া-রিয়াল বেতিস ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

শনিবার মায়োর্কারের বিপক্ষে বার্সাও একই সময়ে মাঠে নামবে।

লিগ সাময়িক স্থগিত হওয়ার সময় পয়েন্ট টেবিলে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল বার্সা। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। সমান ম্যাচ খেলা রিয়ালের ৫৬। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৪৭।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত