আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে শুক্রবার নতুন করে ১০ জনসহ মোট ৩৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছে।
বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছে ২৯৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে ৮৪ জন। আক্রান্তদের মধ্যে ৮১ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে কর্মরত রয়েছেন। ঢাকা মহানগর পুলিশের সাথে কর্মরত আছেন ১৮৬ জন অঙ্গীভূত সাধারণ আনসার। এ ছাড়া বাকিদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক এক জন ও উপ-পরিচালক (চিকিৎসা)। ১০৫ জন ব্যাটালিয়ন আনসার, ২৫৮ জন অঙ্গীভূত আনসার, এক জন করে বিশেষ আনসার, সিগনাল অপারেটর, নার্সিং সহকারী, ভিডিপি সদস্য, আনসার কমান্ডার ও ২ জন মহিলা আনসার আছেন।
শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৬ জন এবং সুস্থতার হার ৪৯ শতাংশ।
