পাবনার ঈশ্বরদীতে সেভেন-আপের বোতলে রাখা কীটনাশক ভুলবশত পান করে রাহিমা খাতুন (৮) এবং খাদিজা খাতুন (৪) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যায় রাহিমা এবং ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খাদিজা। তারা ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা গ্রামের অটোরিকশাচালক বাবু ম-লের মেয়ে।
দুই বোনের চাচা মানিক জানান, মায়ের সঙ্গে গত মঙ্গলবার তিন বোন খাদিজা, রাহিমা ও ঋতু খাতুন দাশুড়িয়ার আথাইল শিমুল গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে যায়। তাদের মামা রোকন উদ্দিন ক্ষেতের আগাছা মারার জন্য ওইদিন তার ঘরের টেবিলে একটি সেভেন-আপের বোতলে কীটনাশক রেখে বাইরে যান। এ সময় সেভেন-আপ ভেবে ওই কীটনাশক গ্লাসে ঢেলে পান করে তিন বোনসহ কয়েক শিশু। বড়রা সামান্য পান করে বিকট গন্ধের কারণে বমি করে দিলেও ছোট্ট রাহিমা ও খাদিজা ওই কীটনাশকের বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে পড়ে।
তিনি আরও জানান, তাদের দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় খাদিজার মৃত্যু হয়। চিকিৎসকরা রাহিমার বাঁচার আশা ছেড়ে দিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে পরিবারের লোকজন বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে এলে সন্ধ্যায় বাড়িতেই মারা যায় রাহিমা খাতুন।
ঈশ্বরদী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম ঘটনাটিকে মর্মান্তিক এবং দুঃখজনক উল্লেখ করে বলেন, আপন দুই বোনের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রকৃত রহস্য উদ্ঘাটনসহ ব্যবস্থা গ্রহণ করা হবে।
